সাশ্রয়ী দামের ৫জি আইফোন আসছে মার্চেই

৭ ফেব্রুয়ারি, ২০২২ ১২:০৫  
দুয়ারে কড়া নাড়া মার্চেই সাশ্রয়ী মূল্যের ৫জি সক্ষমতার নতুন ‘আইফোন এসই’ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। মার্চের ৮ তারিখে অ্যাপলের স্প্রিং ইভেন্টে ফোনটি উন্মুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ জানিয়েছে, স্প্রিং ইভেন্টে আরও আসতে যাচ্ছে অ্যাপলের নতুন সিপিইউ সমৃদ্ধ একটি রিফ্রেশড আইপ্যাড এয়ার। এই আইপ্যাড এয়ারেরও সেলুলার ইকুইপড মডেলে থাকবে ৫জি প্রযুক্তি। পাশাপাশি আরেকটি অ্যাপলের পণ্য নিয়েও বেশ গুঞ্জন চলছে। সেটি হলো অ্যপল মিক্সড রিয়েলিটি এআর/ভিআর হেডসেট। যা বাজারে আসতে পারে আগামী বছর। সংবাদমাধ্যম ভার্জ জানায়, আইফোন ১৩ উন্মুক্ত হওয়ার সময় থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই ধারাবাহিকতায় ব্লুমবার্গ এখন অনেকটা নিশ্চিত করেই বলছে নতুন এই আইফোনের কথা। ধারণা করা হচ্ছে, ৪.৭ ইঞ্চি স্ক্রিনের যে আইফোন এসই মডেলটি বাজারে প্রচলিত আছে, সেই একই কেসিংয়ে আরো দ্রুতগতির চিপসেট এবং আরো উন্নত ক্যামেরা যোগ করতে যাচ্ছে অ্যাপল। ভার্জ আরো জানিয়েছে, বর্তমানের আইফোন এসই মডেলটি বাজারে এসেছে ২০২০ সালে। দাম ছিল ৩৯৯ ডলার। নতুন আইফোনের এ১৫ সিপিইউ এবং ৫জি নেটওয়ার্ক অবশ্যই আগের চেয়ে আরও উন্নত হবে। তবে টাচ আইডি থাকবে কি না সেটা এখনও নিশ্চিত নয়। অবশ্য ডিজাইনে যেহেতু পরিবর্তন আসছে না তাই সেটি দেখতে আগের মতো হবে বলেই ধরে নেওয়া যায়।